সাধারণতন্ত্র দিবসে ভিন্দেশি অতিথিদের জন্য ধারাভাষ্যকার ভূমিকায় প্রধানমন্ত্রী মোদী
৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির কর্তব্যপথে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এক ভিন্ন ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অনুষ্ঠানে উপস্থিত ইউরোপীয় ইউনিয়নের অতিথিদের জন্য নিজেই ধারাভাষ্য দিতে দেখা যায় তাঁকে। দোভাষীর মাধ্যমে প্রধানমন্ত্রী ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র এবং উন্নয়নযাত্রার নানা দিক তুলে ধরেন ভিন্দেশি প্রতিনিধিদের সামনে।
সোমবার সকাল থেকেই কর্তব্যপথ ও দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকালেই অনুষ্ঠানে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। নীল-সাদা কুর্তা-পাজামার সঙ্গে হালকা নীল জওহর কোট এবং লাল রঙের ঐতিহ্যবাহী পাগড়িতে তাঁকে দেখা যায়। একই সময়ে ঐতিহ্যবাহী শকটে করে কর্তব্যপথে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিয়ো লুইস ডি কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় যুদ্ধস্মারকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে মঞ্চে উপস্থিত হন রাষ্ট্রপতি ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং ২১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় কুচকাওয়াজ। বিজয় চক থেকে শুরু হয়ে লালকেল্লা পর্যন্ত এই কুচকাওয়াজের সরাসরি সম্প্রচার করা হয় দেশবাসীর জন্য। কুচকাওয়াজে ভারতের সামরিক শক্তির প্রদর্শন বিশেষভাবে নজর কাড়ে। টি-৯০ ভীষ্ম ও অর্জুন ট্যাঙ্ক, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং সূর্যাস্ত্র রকেট লঞ্চার সিস্টেম প্রদর্শিত হয়। ক্যাপ্টেন অহন কুমারের নেতৃত্বে কুচকাওয়াজ করে সেনাবাহিনীর ৬১তম অশ্বারোহী বাহিনী।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকেও বিশেষ এয়ার শো অনুষ্ঠিত হয়। রাজধানীর আকাশে উড়ে যায় রাফাল, সুখোই-৩০, মিগ-২৯ এবং জাগুয়ার যুদ্ধবিমান। সাম্প্রতিক এক সামরিক অভিযানে ব্যবহৃত কৌশল অনুযায়ী তেরঙা পতাকা নিয়ে আকাশে বিশেষ প্রদর্শন করে বায়ুসেনা।
কুচকাওয়াজের পরে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একে একে কর্তব্যপথে এগিয়ে চলে রাজ্যগুলির ট্যাবলো, যেখানে সংশ্লিষ্ট রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়। পশ্চিমবঙ্গের ট্যাবলোতে তুলে ধরা হয় বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কাহিনি।
পুরো অনুষ্ঠান জুড়েই ইউরোপীয় অতিথিদের উদ্দেশে ধারাবিবরণী দিতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। রবিবার তিন দিনের সফরে ভারতে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের দুই শীর্ষ নেতা। মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলা ভারত–ইইউ সম্মেলনে তাঁরা যোগ দেবেন। এই সফরে বাণিজ্য চুক্তি ও কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানানো হয়েছে।
ছবি: সংগৃহীত