মিশরের বিশিষ্ট আলেম ড. আহমদ ওমর হাশেমের ইন্তেকাল
কায়রো, ৭ অক্টোবর ২০২৫ — আজ মঙ্গলবার সকালে মিশরের বিশিষ্ট ইসলামী আলেম, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ‘হাইয়াতুল কিবারুল উলামা’ (উচ্চ আলেম পরিষদ)-এর সদস্য অধ্যাপক ড. আহমদ ওমর হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
তাঁর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে,
“আল্লাহর ফয়সালায় পূর্ণ সন্তুষ্টি ও ঈমানের সঙ্গে আমরা আরব ও ইসলামি বিশ্বে আমাদের প্রিয় আলেম, শ্রদ্ধেয় ড. আহমদ ওমর হাশেমের ইন্তেকালের সংবাদ জানাচ্ছি।”
ড. হাশেম ছিলেন গত কয়েক দশকের মধ্যে আল-আজহারের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি ইসলামি শিক্ষা, দাওয়াত ও সমাজসেবায় অসাধারণ অবদান রেখেছেন এবং বহু আন্তর্জাতিক ধর্মীয় সংস্থায় প্রতিনিধিত্ব করেছেন।
তাঁর মৃত্যুর খবরে মিশরসহ সমগ্র মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। গত বছর রমজানের শেষ রাতে অনুষ্ঠিত “লাইলাতুল কদর” অনুষ্ঠানে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে তাঁর দেখা করার মুহূর্তটি দেশজুড়ে আলোচিত হয়েছিল।