Tranding
আর্ন্তজাতিক / September 13, 2025

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ঢাকা | ১৩ সেপ্টেম্বর ২০২৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংগঠনের ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয় এবং জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, “ডাকসুর মতো জাকসুতেও আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করেছিলাম। কিন্তু প্রশাসনের টালবাহানা, বহিরাগতদের সক্রিয়তা এবং ফলাফল ঘোষণায় অযথা দেরি শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।” তিনি অভিযোগ করে বলেন, “৮ হাজার শিক্ষার্থীর ভোটকে ঘিরে দেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র চলছে। কিছু বিএনপিপন্থি শিক্ষক প্রেসক্রিপশনভিত্তিক সিদ্ধান্ত নিয়ে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা তাদের ধিক্কার জানাই।” তিনি দ্রুত জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে শিক্ষার্থীদের অনিশ্চয়তা নিরসনের আহ্বান জানান। অন্যথায় শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করবে বলেও সতর্ক করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম, মহানগর পূর্ব শাখার সেক্রেটারি মুহিব্বুল্লাহ হুসাইনীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.