“শুধু বাঙালি বলেই অত্যাচার”: বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর নৃশংসতা
প্রতিবেদন – অনলাইন বঙ্গদর্পণ:
বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে এবং বাংলা ভাষায় কথা বললেই নেমে আসছে ভয়ঙ্কর অত্যাচার। কোথাও মারধর, কোথাও খুন, আবার কোথাও বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের।
তেমনই এক ঘটনা ঘটেছে জঙ্গিপুর বিধানসভার এক পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে। অভিযোগ, উত্তর প্রদেশে বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁকে দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দি করে নির্মম নির্যাতন চালানো হয়েছে।
জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বলেছেন, বিজেপি শাসিত ওড়িশা, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশে ধারাবাহিকভাবে বাঙালিদের উপর এভাবে নিপীড়ন চালানো হচ্ছে। “এখানে হিন্দু-মুসলমান নয়, শুধুমাত্র বাঙালি পরিচয় ও বাংলাভাষী হওয়ার কারণেই এই অত্যাচার,” মন্তব্য তাঁর।
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের বিজেপি নেতারা চুপ করে বসে আছেন। এই প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন। বিধায়ক হুঁশিয়ারি দিয়েছেন—পরিযায়ী বাঙালিদের উপর এই বিরূপ আচরণ বন্ধ না হলে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।