Tranding
জাতীয় খবর / December 5, 2025

নয়াদিল্লিতে পুতিন, প্রোটোকল ভেঙে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী

দু’দিনের সরকারি সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় পালমের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর আগমন মুহূর্তে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচলিত নিয়ম অনুযায়ী বিদেশি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর দায়িত্ব থাকে বিদেশমন্ত্রী বা মন্ত্রকের প্রতিনিধির উপর। তবে এ দিন সেই প্রোটোকল ভেঙেই মোদী নিজেই রানওয়েতে গিয়ে পুতিনকে অভ্যর্থনা জানান।

বিমান থেকে নামার পর দু’ নেতা করমর্দন করেন এবং পরস্পরকে আলিঙ্গন করে ভারত–রাশিয়া সম্পর্কের উষ্ণতা প্রকাশ করেন। এরপর একই গাড়িতে চড়ে তাঁদের যাত্রা শুরু হয়।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং ২০১৮ সালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্বাগত জানাতেও মোদী বিমানবন্দরে নিজে গিয়েছিলেন।

এই সফরে পুতিন অংশ নেবেন ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে। শুক্রবার হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সই হতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তার মধ্যে রয়েছে রাশিয়া থেকে অতিরিক্ত এস–৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টিও।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানান, মহাকাশ গবেষণা, পরমাণু প্রযুক্তি, জাহাজ ও বিমান নির্মাণসহ বহু ক্ষেত্রে দুই দেশ ভবিষ্যতমুখী সহযোগিতা জোরদার করছে। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দিকেও গুরুত্ব দিয়ে আলোচনা চলবে বলেও তিনি জানিয়েছেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.