যুক্তরাষ্ট্রের চাপ বাড়তেই মাদুরোর প্রতি সমর্থন জানালেন পুতিন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাদুরোর সঙ্গে ফোনালাপে পুতিন জানান, মস্কো বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলা সরকারের পাশে থাকবে এবং তাদের নীতিকে সমর্থন করা অব্যাহত রাখবে।
এদিকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশও ভেনেজুয়েলা সরকারের প্রতি নিজেদের কূটনৈতিক সমর্থন আরও জোরদার করছে। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গত ১৭ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাসকেজের সঙ্গে সাক্ষাৎ করেন। বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, লুকাশেঙ্কো রাষ্ট্রদূতকে বলেছেন—মাদুরো চাইলে বেলারুশ তাকে সবসময় স্বাগত জানাবে।
রয়টার্স বেলারুশ প্রশাসনের কাছে এসব বৈঠকের রাজনৈতিক গুরুত্ব এবং মাদুরো ক্ষমতা ছাড়লে তাকে আশ্রয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো ধরনের মন্তব্য পায়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই ২০১৯ সালের বিতর্কিত নির্বাচনের পর মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বরাত দিয়ে বলা হয়, সেই নির্বাচনে বিরোধী দলই প্রকৃত বিজয়ী ছিল।
সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশলের একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদুরোর “সময় প্রায় শেষ”, যদিও ভেনেজুয়েলায় সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে সরাসরি কিছু বলেননি।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনে এমনও আলোচনা চলছে যে, মাদুরো নাকি ২১ নভেম্বর ট্রাম্পকে ফোন করে জানিয়েছেন—তিনি দেশ ছাড়তে প্রস্তুত, তবে তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার শর্তে।