বারাসাতে ক্বিরাত সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান
বঙ্গদর্পণ, বারাসাত: বারাসাতের মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ-এর ব্যবস্থাপনায় সম্প্রতি “ক্বিরাত সম্মেলন ও গুণীজন সংবর্ধনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সৌহার্দ্যের পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আগত একাধিক খ্যাতনামা ক্বিরাত শিল্পী অংশগ্রহণ করেন।
ক্বিরাত সম্মেলনে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজস্থানের বিশিষ্ট ক্বারী কারী হেদায়েতুল্লাহ, কারী নাজমুল হক, ক্বারী বাহারুল ইসলামসহ বাংলার প্রখ্যাত ক্বারী সাহেবগণ। তাঁদের সুমধুর ক্বিরাতে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও প্রাণবন্ত। এ ছাড়াও অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে মাদ্রাসার সম্পাদক মাওলানা রওশন আলীর উদ্যোগে সমাজে অবদান রাখা একাধিক গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন বেঙ্গল মাইনরিটি ফোরামের সভাপতি ও আইনজীবী মাইনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা সিয়ামত আলী, চাঁদপুর আলিয়া একাডেমি মিশনের সম্পাদক ও ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনোরিটি কাউন্সিলের চেয়ারম্যান আলহাজ ডক্টর ফিরোজ উদ্দিন, আল-হিলাল মিশনের সম্পাদক ইমতিয়াজ হাসান কালামসহ অন্যান্য বিশিষ্টজন।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন সিরাত ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও ক্বিরাত সম্মেলন কমিটির সম্পাদক মাওলানা আবু সিদ্দিক খান। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।