মক্কায় কাবার ওপর বিরল চাঁদের দৃশ্য মক্কা,
অনলাইন, বঙ্গ দর্পণ:মক্কা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ মক্কায় পবিত্র কাবা শরীফের ওপর শুক্রবার ভোরে বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখা গেছে। বিজ্ঞানীরা এই ঘটনাকে একটি অসাধারণ মহাজাগতিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন। সউদি আরবের জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা জানিয়েছেন, চাঁদ কাবার ঠিক ওপরে অবস্থান করায় এটি প্রমাণ করে যে মহাজাগতিক বস্তুর — বিশেষত চাঁদ ও নক্ষত্রের — গতিপথ নির্ণয়ের গণনা কতটা নিখুঁত। এর ফলে মুসলিমরা নামাজের দিক নির্ধারণ বা কিবলা আরও সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন। মাজেদ আবু জাহরা আরও জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদ ‘সপ্তর্ষি মণ্ডল’ বা ‘সেভেন সিস্টার্স’ নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যায় এবং কিছু সময়ের জন্য কিছু নক্ষত্রকে আংশিকভাবে ঢেকে দেয়। এই চমৎকার দৃশ্য সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা গেছে। পবিত্র কাবায় উপস্থিত হাজার হাজার মুসল্লির জন্য এটি ছিল এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা। অনেকের কাছে এটি আধ্যাত্মিকভাবে গভীর তাৎপর্যের হলেও, জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি ছিল একটি ব্যবহারিক পরীক্ষা। ইতিহাসে মুসলিম জ্যোতির্বিদরা সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান দেখে নামাজের সময় ও কিবলা নির্ধারণের কাজ করেছেন। আজও এই ধরনের মহাজাগতিক ঘটনা আধ্যাত্মিক তাৎপর্যের পাশাপাশি বৈজ্ঞানিক আগ্রহও সৃষ্টি করে।