বৃষ্টিতে ডুবে গেলো শরণার্থীদের তাঁবু, জরুরি মানবিক সহায়তার আহ্বান হামাসের
গাজা উপত্যকায় শীতকালীন নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে শরণার্থী শিবিরের বহু তাঁবু ডুবে যাওয়ার পর এলাকার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। শুক্রবার এক বিবৃতিতে তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টর দেশগুলোকে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে।
হামাস জানায়,
“গাজায় নিম্নচাপ ও ভারী বৃষ্টির কারণে শত শত হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবুগুলো পানিতে তলিয়ে গেছে, তাদের হাতে থাকা সামান্য সম্পদও নষ্ট হয়ে গেছে।”
তারা আরও জানায়, শিবিরগুলোর অবস্থা এখন কাদায় পরিণত হওয়া জলাবদ্ধ এলাকা, যেখানে হাজার হাজার পরিবার শীতের তীব্র ঠান্ডায় সম্পূর্ণভাবে আশ্রয়হীন হয়ে পড়েছে।
সংগঠনটি অভিযোগ করেছে, ইসরায়েল মানবিক ত্রাণ ও তাঁবু ঢোকার অনুমতি দিতে বিলম্ব করছে, যার ফলে সংকট আরও গভীর হচ্ছে।
বিবৃতিতে বলা হয়,
“এই পরিস্থিতি জরুরি ত্রাণ ও আশ্রয়ের চাহিদা স্পষ্ট করে তুলেছে।”
হামাস জাতিসংঘ, আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার প্রতি দ্রুত চিকিৎসা, খাদ্য, আশ্রয়সামগ্রীসহ সব ধরনের মানবিক সহায়তা গাজায় পাঠানোর আহ্বান জানায়।