রাশিয়া-ইউক্রেনের পাল্টা হামলা: জ্বালানি ও অবকাঠামোতে ব্যাপক ক্ষতি
মস্কো–কিয়েভ:রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে হামলা ও পাল্টা হামলায় দুই দেশের জ্বালানি ও রেল অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, রুশ বাহিনী দনিপ্রো ও খারকিভ শহরের কাছে ড্রোন হামলা চালিয়েছে। একইসময়ে ইউক্রেনও রাশিয়ার ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে ড্রোন পাঠায়।
সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় অন্তত ৩০ জন আহত হন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে “নৃশংস সন্ত্রাস” বলে আখ্যা দেন। তিনি জানান, “শোস্তকা শহরের রেলস্টেশনে রুশ ড্রোন আক্রমণে বহু বেসামরিক লোক আহত হয়েছেন।”
অন্যদিকে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে কিরিশি শহরের একটি বড় তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার ফলে আগুন ধরে যায়। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর জানান, “দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং সাতটি ড্রোন গুলি করে নামানো হয়েছে।”
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে “সুনির্দিষ্ট হামলা” চালিয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।
এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-র মহাপরিচালক রাফায়েল গ্রোসসি দুই দেশকেই সতর্ক করেছেন জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে নিরাপত্তা বজায় রাখতে এবং বিদ্যুৎ লাইন পুনরায় সংযোগের জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।