ইউক্রেনের তিন গ্রাম দখল করলো রাশিয়া, জেনেভায় যুদ্ধবিরতির আলোচনা শুরু
পূর্ব ইউক্রেনে রাশিয়ার সেনারা আরও তিনটি গ্রাম দখল করার দাবি জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, তাদের বাহিনী দোনেৎস্ক অঞ্চলের পেত্রিভস্কে এবং দিনপ্রোপেত্রোভস্ক অঞ্চলের টিখে ও ওত্রাদনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কিয়েভ প্রশাসন পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ দুর্গ ও কৌশলগত স্থানগুলো ধরে রাখার চেষ্টা করলেও রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
একই সময়ে জেনেভায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে অংশ নিচ্ছেন। এই প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনকে কিছু ভূখণ্ড ত্যাগ করতে হবে, সেনা সংখ্যা কমাতে হবে এবং ন্যাটোতে যোগ না দেওয়ার শর্ত মেনে নিতে হবে। এর বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করবে যাতে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য আক্রমণ রোধ করা যায়।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে ২৭ নভেম্বরের মধ্যে এই প্রস্তাব গ্রহণের সময়সীমা দিয়েছেন। তবে কিয়েভের পক্ষ থেকে প্রস্তাবের খসড়ায় কিছু সংশোধনের দাবি করা হচ্ছে, বিশেষ করে রাশিয়ার শর্তসমূহ নিয়ে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবকে ‘চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি সতর্ক করে জানিয়েছেন, যদি ইউক্রেন আলোচনায় অংশ না নেয় তাহলে রাশিয়া আরও ভূখণ্ড দখল করবে।
বিগত প্রায় চার বছর ধরে চলমান এই সংঘাতের মধ্যে এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার আগ মুহূর্তে রাশিয়ার এই সামরিক অগ্রগতি নতুন মাত্রা যোগ করেছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ফলাফল আন্তর্জাতিক মহলে কড়া নজর রাখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।