দক্ষিণ ইউক্রেনে আরও দুইটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে যে দক্ষিণ ইউক্রেনে তাদের বাহিনী আরও দুইটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামের মাধ্যমে জানায়, জাপোরিঝিয়া অঞ্চলের রোভনোপোলিয়ে এবং মালায়া টোকমাচকা গ্রাম দুইটিতে তারা দখল প্রতিষ্ঠা করেছে। এর আগে চলতি সপ্তাহেও একই অঞ্চলে দুইটি গ্রাম দখলের কথা ঘোষণা করে মস্কো।
ফরাসি সংবাদ সংস্থার (এএফপি) মতে, জাপোরিঝিয়া ফ্রন্টে যুদ্ধ পূর্বাঞ্চলের তুলনায় কম তীব্র হলেও রুশ বাহিনী এখানেও জনবল ও অস্ত্রশস্ত্রে অগ্রাধিকার ধরে রেখেছে। সে কারণেই এই অঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাশিয়া।
পূর্ব ইউক্রেনে লড়াইয়ের মূল লক্ষ্য এখন কৌশলগত শহর পোকরোভস্ক দখল করা। গত কয়েক সপ্তাহে শত শত রুশ সেনা শহরটির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং ইউক্রেনের প্রতিরক্ষা লাইন ভেঙে দিয়েছে।
এদিকে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা সম্পূর্ণভাবে স্থবির হয়ে আছে। বিশেষ করে, বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক বাতিল হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।