ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধস: এক শিক্ষার্থীর মৃত্যু, ৬৫ জন এখনো ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে একটি আবাসিক স্কুলের বহুতল ভবন সোমবার বিকেলে ভেঙে পড়ে। প্রার্থনার সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং অন্তত ৬৫ জন এখনো ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৭৯ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
পূর্ব জাভা পুলিশের মুখপাত্র জুলস আব্রাহাম জানিয়েছেন, সেনা, পুলিশ ও উদ্ধারকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন। স্কুলের শিক্ষক আবদুস সালাম মুজিব জানান, যে ভবনটি ভেঙে পড়েছে সেটি এখনো নির্মাণাধীন ছিল। দুর্ঘটনার সময় নীচতলায় প্রার্থনা চলছিল এবং উপরের তলায় নির্মাণকর্মীরা কাজ করছিলেন। চতুর্থ তলার ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ করে পুরো ভবনটি ধসে পড়ে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য অভিভাবক স্কুল প্রাঙ্গণে ছুটে আসেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১১ থেকে ১৭ বছরের মধ্যে। উদ্ধারকারীরা অক্সিজেন ও পানি ধ্বংসস্তূপের ভেতরে পাঠাচ্ছেন যাতে আটকে থাকা শিক্ষার্থীরা বেঁচে থাকতে পারেন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগও বাড়ছে।