রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি, ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভের প্রস্তুতি পিটিআই-এর
জেলবন্দি ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সাক্ষাতের অনুমতি নিশ্চিত করার দাবিতে আজ, মঙ্গলবার, পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এই কর্মসূচিকে ঘিরে রাওয়ালপিন্ডি জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বুধবার পর্যন্ত জেলা জুড়ে ১৪৪ ধারা কার্যকর থাকবে। পুলিশের নির্দেশ—পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ।
প্রশাসনের জারি করা নির্দেশে উল্লেখ করা হয়েছে, রাওয়ালপিন্ডিতে কোনও সভা, মিছিল বা জনসমাবেশ আয়োজন করা যাবে না। আগ্নেয়াস্ত্র বা বল বিয়ারিংসহ কোনও সন্দেহজনক বস্তু বহন নিষিদ্ধ। জনসমক্ষে অস্ত্র প্রদর্শন, উসকানিমূলক বক্তব্য এবং লাউডস্পিকারের ব্যবহারও সীমাবদ্ধ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার সতর্কতা অনুযায়ী, কয়েকটি গোষ্ঠী নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করতে পারে।
পিটিআই দাবি করছে, ইসলামাবাদ হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানের পরিবারের সদস্যদের সপ্তাহে দু’দিন সাক্ষাতের অনুমতি দেওয়ার কথা ছিল। কিন্তু জেল কর্তৃপক্ষ সেই নির্দেশ মানছে না বলে অভিযোগ। সেই কারণেই আদালত চত্বরে বিক্ষোভের পাশাপাশি আদিয়ালা জেল পর্যন্ত মিছিল করার পরিকল্পনা করেছে দলটি। রাওয়ালপিন্ডির কর্মসূচিতে অংশ নিতে পারেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
২০২৩ সালের অগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান। পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক দিন তাঁরা ইমরানের সঙ্গে দেখা করতে পারছেন না। ইমরানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা জল্পনা ছড়ালেও জেল কর্তৃপক্ষ জানিয়েছে—তিনি সুস্থ আছেন এবং তাঁকে অন্য কোথাও স্থানান্তর করা হয়নি।
ইমরানের বোন আলিমা খান এ বিষয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। আজ ইসলামাবাদ হাই কোর্টের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে পিটিআই-এর।
ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে বহু মামলা চলমান। চলতি বছরের শুরুর দিকে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দু’জনকেই ১৪ বছরের কারাদণ্ড দেয় আদালত। গত সেপ্টেম্বরে ইমরান অভিযোগ করেন, জেলে তাঁদের উপর মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে। সেই অভিযোগের পর থেকেই সাক্ষাৎ সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর হয় আদিয়ালা জেলে।
পিটিআই-এর ডাকে আজ দুই শহরে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় কঠোর সতর্কতা জারি করেছে প্রশাসন।
ছবি: সংগৃহীত