ফ্রান্সে মসজিদের সামনে শূকরের মাথা রাখার ঘটনায় সার্বিয়ায় ১১ জন গ্রেপ্তার
সার্বিয়ার পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে ফ্রান্সে ঘৃণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। এসব কর্মকাণ্ডের মধ্যে ছিল ইহুদি স্থাপনা ভাঙচুর এবং মসজিদের সামনে শূকরের মাথা রেখে উসকানি ছড়ানো। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা এক অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল, যিনি নাকি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে কাজ করছিলেন। ওই ব্যক্তি বর্তমানে পলাতক।
চলতি সেপ্টেম্বরের শুরুতে প্যারিসসহ আশপাশের এলাকায় নয়টি মসজিদের সামনে শূকরের মাথা পাওয়া যায়, যা মুসলিমবিরোধী ঘৃণার প্রবল উদ্বেগ তৈরি করে। এর আগে এপ্রিল মাসে প্যারিসে হলোকাস্ট স্মৃতিসৌধ, তিনটি ইহুদি উপাসনালয় ও একটি রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনা ঘটে।
এই মামলায় তিনজন সার্বের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তারা বর্তমানে ফ্রান্সে কারাগারে রয়েছেন। নতুন গ্রেপ্তার হওয়া ১১ জনের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্য ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হবে।
গ্রেপ্তার অভিযান চালানো হয় সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ও প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ভেলিকা প্লানা শহরে।