মসজিদের ইমামের তৎপরতায় বাঁচল সাতজন হিন্দু যাত্রীর প্রাণ। শ্রীভূমির নিলাম বাজারে ভোররাতের দুর্ঘটনায় মানবিকতার উজ্জ্বল নজির
শ্রীভূমি, ২রা ডিসেম্বর: উত্তর প্রদেশের ফয়জলের ঘটনা ঘিরে আলোচনা যখন উত্তপ্ত, ঠিক তখনই শ্রীভূমির নিলাম বাজারে ঘটে গেল এক মানবিকতার অনন্য দৃষ্টান্ত। স্থানীয় মসজিদের ইমাম আব্দুল বাছিতের দ্রুত উদ্যোগ ও সাহসী পদক্ষেপের ফলে সাতজন হিন্দু যাত্রীর প্রাণ বেঁচে গেল।
ঘটনাটি ঘটেছে ভোর আনুমানিক চারটার সময়। ত্রিপুরার দিক থেকে আসা একটি ইকো স্পোর্টস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। গাড়ির মধ্যে থাকা ছয় যাত্রী তখন গভীর ঘুমে ছিলেন এবং নিজে থেকে বের হতে পারেননি।
দুর্ঘটনার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মসজিদের ইমাম আব্দুল বাছিত। তিনি মসজিদের মাইকে দ্রুত দুর্ঘটনার খবর ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ছুটে এসে উপস্থিত হন। ইমাম নিজেও পুকুরে ঝাঁপিয়ে পড়েন এবং গ্রামবাসীদের সঙ্গে মিলিত হয়ে সাতজনকে জীবিত উদ্ধার করেন।
তাদের দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ইমাম বাছিতের সাহস ও দ্রুত সিদ্ধান্তের ফলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সাতটি প্রাণ বেঁচে গেল।
স্থানীয়রা ইমাম আব্দুল বাছিতকে মানবিকতার এক উজ্জ্বল প্রতীক হিসেবে সম্মানিত করছেন। এই ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে ধর্ম, বর্ণ নির্বিশেষে একাত্মতার বার্তা বিস্তার পেয়েছে।