আলজেরিয়ার আট প্রদেশে ভয়াবহ দাবানল, জ্বলছে ২২টি বনাঞ্চল
আলজেরিয়ার একাধিক প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের কমপক্ষে আটটি প্রদেশে মোট ২২টি স্থানে বন আগুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র পরিস্থিতি দেখা দিয়েছে টিপাজা প্রদেশে, যেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আলজেরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে দশটা পর্যন্ত ২২টি স্থানে আগুন লাগার খবর পাওয়া যায়। এর মধ্যে ১১টি দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনী তৎপর রয়েছে, আর বাকি ১১টি আগুন হয় সম্পূর্ণ নিভে গেছে, নয়তো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব, মধ্য এবং পশ্চিম আলজেরিয়ার মোট আটটি প্রদেশে আগুনের ঘটনা ঘটেছে। বিশেষ করে টিপাজার পাহাড়ি অঞ্চলে আগুন ভয়াবহ আকার ধারণ করায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বেগ পেতে হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর পাশাপাশি অন্যান্য জরুরি সহায়তা সংস্থাগুলিও কাজ করছে। তবে শুষ্ক পরিবেশ ও দমকা হাওয়ার কারণে আগুন নেভানোর কাজ জটিল হয়ে উঠেছে।