বিহার নির্বাচনে প্রচারের জন্য দুই সপ্তাহের জামিন চেয়ে আদালতে শরজিল ইমাম !
বিশেষ প্রতিবেদন : ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী শরজিল ইমাম আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে প্রচারের উদ্দেশ্যে দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে দিল্লির এক আদালতে আবেদন করেছেন। বার অ্যান্ড বেঞ্চ সূত্রে জানা গেছে, এই আবেদন করা হয়েছে কার্কারডুমা আদালতের অতিরিক্ত সেশন বিচারক সমীর বাজপাই-এর সামনে, যিনি ২০২০ সালের দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলার বিচার পরিচালনা করছেন।
শারজিল ইমাম কিশনগঞ্জ জেলার বহাদুরগঞ্জ আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিহার বিধানসভা নির্বাচন দুটি দফায় অনুষ্ঠিত হবে—৬ নভেম্বর ও ১১ নভেম্বর। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। শরজিল ইমাম ১৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রচার ও মনোনয়ন কার্যক্রমে অংশ নেওয়ার জন্য জামিন চেয়েছেন।
যদিও অন্য কয়েকটি মামলায় ইতিমধ্যেই তিনি জামিন পেয়েছেন, তিনি এখনো বন্দি আছেন কথিত অ-সাংবিধানিক কর্মকাণ্ড আইন( UAPA)-এর অধীনে দায়ের করা দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায়। এই মামলাটি তার CAA ও NRC বিরোধী আন্দোলনের সময় দেওয়া বক্তব্যকে ঘিরে দায়ের হয়।
তার আবেদনে তিনি নিজেকে একজন “রাজনৈতিক বন্দি ও ছাত্র আন্দোলন-কর্মী” হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন যে তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নিজ রাজ্যে নির্বাচনে অংশ নিতে চান। জেহানাবাদের কাকো গ্রামের বাসিন্দা শরজিল ইমাম ২০২০ সালের জানুয়ারি থেকে তিহার জেলে আটক রয়েছেন ।
বহাদুরগঞ্জ আসনটি বর্তমানে মোহাম্মদ আনজার নাঈমীর দখলে, যিনি ২০২০ সালে এআইএমআইএম প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, পরে আরজেডি-তে যোগ দেন।
শারজিল ইমামের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, তার কারাবাস দীর্ঘায়িত হচ্ছে বিচার প্রক্রিয়ার বিলম্বের কারণে, যা তার কোনো দায় নয়। গত মাসে দিল্লি হাইকোর্ট জামিন না দেওয়ার পর শরজিল ইমাম এখন এই বিষয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন।