Tranding
রাজ্যের খবর / November 6, 2025

SIR: আজ থেকেই অনলাইনে মিলবে এনুমারেশন ফর্ম, জানুন কোথায় পাবেন ও কীভাবে পূরণ করবেন

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পূরণের কাজ শুরু করেছেন। এবার থেকে সেই ফর্ম অনলাইনেও পূরণ করা যাবে, জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের সরকারি ওয়েবসাইটে চালু হয়েছে এই অনলাইন পরিষেবা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা কাজের সূত্রে বা শিক্ষার কারণে রাজ্যের বাইরে আছেন, কিংবা বিএলও-র সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না, তারাও অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।

• কোথায় পাওয়া যাবে ফর্ম:

https://ceowestbengal.wb.gov.in/ — এই ওয়েবসাইটে এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। পাশাপাশি, কমিশনের ECI-Net অ্যাপ থেকেও ফর্ম পূরণ করার সুযোগ রয়েছে।

• কীভাবে ফর্ম পূরণ করবেন:

প্রথমে ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর নির্দেশিকা অনুযায়ী তথ্য পূরণ করে নির্দিষ্ট পোর্টালে ফর্মটি আপলোড করতে হবে।

প্রযুক্তিগত কারণে প্রথম দিন এই পরিষেবা চালু করা সম্ভব হয়নি, তবে বৃহস্পতিবার সকাল থেকে তা সক্রিয় করা হয়েছে।

বর্তমানে রাজ্যজুড়ে ৮০,৬৮১ জন বিএলও এবং অতিরিক্ত ১৪ হাজার কর্মী এই অভিযানে যুক্ত রয়েছেন। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট ৭ কোটি ৬৬ লক্ষের বেশি ফর্ম ভোটারদের হাতে পৌঁছবে বলে জানা গেছে।

৪ ডিসেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। প্রতিটি পরিবারে অন্তত একাধিকবার বিএলও যাবেন। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। যাদের নাম পূর্ববর্তী তালিকার সঙ্গে মিলবে না, তাদের জন্য আলাদা যাচাই প্রক্রিয়া চালানো হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.