Tranding
জেলার খবর / January 14, 2026

খোশদেলপুর হাই-মাদ্রাসায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সিরাতুন্নবী (সা.) উদযাপনের সূচনা

অশোকনগর: অশোকনগর এলাকার খোশদেলপুর হাই-মাদ্রাসায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাৎসরিক সিরাতুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রউফ দফাদার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

এরপর শ্রী দিলীপ দাস ও অরুণ দত্ত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শানে মনোজ্ঞ নাত পরিবেশন করেন, যা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কেরাত, গজল, কুইজ, বক্তৃতা ও মুকালামা (সংলাপমূলক) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে একাডেমিক পুরস্কার বিতরণ করা হয়।

বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক আব্দুর রউফ দফাদার বলেন, “সিরাতুন্নবী (সা.) শুধু স্মরণ নয়, বরং মানবতার সর্বোচ্চ আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের শিক্ষা দেয়।”
সহকারী প্রধান শিক্ষক পারভেজ চৌধুরী বলেন, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচালন সমিতির সভাপতি হাবিব সাহাজি বলেন, “এই ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠান সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।”

সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন শিক্ষক সিয়ামত আলী ও ফারুক মল্লিক। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনা মিত্র, সাহানি সুলতানা, রাজু পাল, শিপরা হালদার, সংগীতা মজুমদার, শামীম নেওয়াজ, বিপ্লব বিশ্বাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.