নেপালজুড়ে কারফিউ, রাস্তায় সেনা টহল
১৯ নিহত, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর উত্তেজনা
নেপালে সহিংস বিক্ষোভে ১৯ জন নিহত ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। রাজধানী কাঠমান্ডুসহ দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে, রাস্তায় নেমেছে সেনারা।
সেনার ঘোষণা
বুধবার সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত বলেন, “আমরা প্রথমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।”
কারফিউর নিয়ম
-
বুধবার বিকেল ৫টা পর্যন্ত চলাচলে বিধিনিষেধ কার্যকর থাকবে
-
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আনুষ্ঠানিক কারফিউ শুরু
-
অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, অগ্নিনির্বাপণ যান ও স্বাস্থ্যকর্মীদের গাড়ি ছাড় পাবে
সেনাবাহিনীর সতর্কবার্তা
প্রতিবাদের নামে অপরাধমূলক কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সেনারা। একইসঙ্গে ভুল তথ্যের ফাঁদে না পড়তে সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা ও সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও মানবিক সহায়তা প্রদানে সেনাদের সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।