Tranding
জাতীয় খবর / November 4, 2025

ছত্তিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত অন্তত ৬ জন

ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে, আহত বহু যাত্রী। মঙ্গলবার বিকেলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কোরবা থেকে বিলাসপুরগামী যাত্রীবাহী ট্রেনটি জয়রামনগর স্টেশনের কাছে পৌঁছনোর সময় বিপরীত দিক থেকে আসা মালগাড়ির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তত্ত্বাবধান করছেন।

ঘটনার অভিঘাতে ট্রেনের সামনের কোচ দুমড়ে-মুচড়ে যায়, একাংশ মালগাড়ির উপরে উঠে যায় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আহতদের বিলাসপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের সাহায্যের জন্য জরুরি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে — রায়গড়: ৯৭৫২৪৮৫৬০, চম্পা জংশন: ৮০৮৫৯৫৬৫২, দুর্ঘটনাস্থল হেল্পলাইন: ৯৭৫২৪৮৫৪৯৯ / ৮৬০২০০৭২০২।

দুর্ঘটনার ফলে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.