তুরস্কে পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ জনের
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের দিলোভাসি শহরে একটি পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কোচায়েলি প্রদেশের গভর্নর ইলহামি আকতাস বলেন, অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ভিডিওচিত্রে দেখা গেছে, গুদামঘরের দুটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
দিলোভাসি শহরটি ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই এলাকায় অসংখ্য কারখানা ও গুদামঘর রয়েছে।
ছবি: সংগৃহীত