ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তা যাওয়ার পথে সোমবার ভোরে একটি যাত্রীবাহী বাস উল্টে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানায়, একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছানোর সময় বাসটি দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা লাগার পর বাসটি উল্টে যায়।
দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মোট ৩৪ জন যাত্রীকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে ১৫ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে নিকটবর্তী সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ছবি: সংগৃহীত