Tranding
মধ্যপ্রাচ্য / December 16, 2025

লেবানন সেনাবাহিনীর মূল লক্ষ্য স্থিতিশীলতা রক্ষা: সেনাপ্রধান

লেবাননের সেনাবাহিনীর প্রধান জেনারেল রুডলফ হেইকাল জানিয়েছেন, দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখাই সামরিক বাহিনীর প্রধান অগ্রাধিকার। দক্ষিণ লিটানি অঞ্চলে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

সোমবার লেবানন সেনাবাহিনীর উদ্যোগে দক্ষিণ লিটানি এলাকায় একটি মাঠপর্যায়ের পরিদর্শনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত কূটনীতিক এবং সামরিক সংযুক্তরা অংশ নেন। সফরের উদ্দেশ্য ছিল, ওই অঞ্চলে সেনাবাহিনীর পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের অগ্রগতি সরেজমিনে তুলে ধরা।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, জেনারেল হেইকাল বলেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও বাহিনী রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইসরাইলের দখল ও ধারাবাহিক হামলার প্রেক্ষাপটেও সেনাবাহিনী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট।

এই সফরের মাধ্যমে জাতিসংঘের প্রস্তাব ১৭০১ এবং যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তির প্রতি লেবাননের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, দক্ষিণ লিটানি এলাকায় অস্ত্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

পরিদর্শনের সময় কূটনীতিকদের সামনে লেবানন সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের দায়িত্ব, দক্ষিণ লিটানি এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো তুলে ধরা হয়। যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সমন্বয় ব্যবস্থার সঙ্গে কাজ করে কীভাবে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়ন হচ্ছে, সে সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

জেনারেল হেইকাল উপস্থিত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, লেবাননের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও আগ্রহ সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, দেশের সাধারণ মানুষ ও সমাজের বিভিন্ন স্তর সেনাবাহিনীর ওপর আস্থা রাখে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.