তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদপিষ্টে মৃত্যু অন্তত ৩৯ জন
তামিলনাড়ুতে অভিনেতা তথা রাজনীতিবিদ থলপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজ়াগম (টিভিকে)-এর জনসভায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। শনিবার কারুরে আয়োজিত সভায় হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ জনের। মৃতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। গুরুতর অসুস্থ আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
ঘটনার সময় সভার মূল বক্তা ছিলেন বিজয়। তিনি বক্তব্য রাখতে গিয়েছিলেন, কিন্তু আচমকাই ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিনেতাকে কাছ থেকে দেখার জন্যই হুড়োহুড়ি শুরু হয়। ফলে বহু মানুষ মাটিতে পড়ে যান এবং পদপিষ্ট হন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন। পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন। তিনি রবিবার ঘটনাস্থলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়ে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোকপ্রকাশ করেছেন।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সভায় উপস্থিত মানুষের ভিড় আয়োজকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। বিজয়ের বক্তব্য শুরু হতেই ভিড় বাড়তে থাকে এবং তা সামলাতে না পেরে বিশৃঙ্খলা দেখা দেয়। অসুস্থদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, এর আগে গত বছর ডিসেম্বর মাসে হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে একই ধরনের পদপিষ্টের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন আরও কয়েকজন।
ছবি: আনন্দবাজার