বামফ্রন্ট সভাপতি বিমান বসুর বিবৃতি
কলকাতা;উত্তরবঙ্গজুড়ে প্রাকৃতিক দুর্যোগে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। ইতিমধ্যে ৩০ জনের বেশি প্রাণহানির সংবাদ পাওয়া গেছে, বিপুল পরিমানে বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে, রাস্তা ও ব্রিজ ভেঙেছে, ফসলসহ চাষের জমি জলে ডুবে গেছে, যাতায়াতের পথ অবরুদ্ধ হয়েছে। ষাটের দশকে প্রাকৃতিক দুর্যোগে একবার বহু মানুষের মৃত্যু ঘটেছিল, সম্ভবত এবারে প্রাণহানির সংখ্যা তাকেও ছাপিয়ে গেছে। এই অভূতপূর্ব পরিস্থিতিতে যারা জীবন হারিয়েছেন তাঁদের পরিবারবর্গের কাছে শোক ও সমবেদনা জানানো হচ্ছে, যারা চিকিৎসাধীন রয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।
কিন্তু এই মূহূর্তে নিরাশ্রয় মানুষের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, অভূক্ত মানুষের অন্নসংস্থানের বন্দোবস্ত করতে হবে। একাজের জন্য বামফ্রন্টের সব শরিক দলের নেতা ও কর্মীদের কাছে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আবেদন করছি। ইতিমধ্যেই কোথাও কোথাও রেড ভলান্টিয়াররা ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছেন। বামপন্থী দল ও গণসংগঠনগুলির সবার কাছে এই বিপর্যয় মোকাবিলায় আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আবেদন করছি।