উত্তরপ্রদেশের সোনভদ্রে পাথর খাদানে ধস: আটকে কমপক্ষে ১৫ শ্রমিক, মৃত ১
উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার ওব্রা থানা এলাকার একটি পাথর খাদানে ভয়াবহ ধস নেমে অন্তত ১৫ শ্রমিক আটকে পড়েছেন। শনিবার দুপুর ৩টার দিকে পাহাড়ের উপরের দিক থেকে বড় বড় পাথর খণ্ড নেমে আসলে খাদানের ভেতরে কাজ করা শ্রমিকরা চাপা পড়ে যায়।
ধস নামার সময় খাদানে প্রায় ১৫–১৮ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের অধিকাংশই বেরিয়ে আসতে পারেননি। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।
ধসের প্রায় ২০ ঘণ্টা পর রবিবার সকালে উদ্ধারকর্মীরা একজন শ্রমিকের দেহ উদ্ধার করেছে। এখনও অন্তত ১৫ জন শ্রমিক ধসের নিচে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। এনডিআরএফ ছাড়াও দুটি বেসরকারি সংস্থা এবং ওব্রা তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্ধারকারী দলও অভিযানে যুক্ত আছে।
এর আগে পাঁচ বছর আগেও এই একই এলাকায় একটি পাথর খাদানে ধস নেমে একাধিক শ্রমিকের মৃত্যু হয় এবং সেবারও এনডিআরএফকে উদ্ধারকাজে নামতে হয়েছিল। নতুন ধসের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ছবি: আনন্দবাজার পত্রিকা