আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭, আহত অন্তত ১৫০
উত্তর আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় ৬.৩ মাত্রার এক প্রবল ভূমিকম্পে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ১৫০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের কেন্দ্র ছিল বালখ প্রদেশের মাজার-ই-শরীফ শহরের নিকটে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় রোববার গভীর রাতে মাজার-ই-শরীফের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎসস্থল ছিল প্রায় ২৮ কিলোমিটার গভীরে।
সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র সামিম জয়ান্দা জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক পরিমাণ পরে প্রকাশ করা হবে।
বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ বলেন, ভূমিকম্পে ঐতিহাসিক নীল মসজিদের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় পাঁচ লাখের বেশি জনসংখ্যার শহর মাজার-ই-শরীফে অনেক মানুষ ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় রাতেই রাস্তায় নেমে আসেন।
ছবি: সংগৃহীত