Tranding
মধ্যপ্রাচ্য / November 30, 2025

সৌদি শিক্ষার্থীদের নির্মিত দুই উপগ্রহের সফল উৎক্ষেপণ

সৌদি আরবের শিক্ষার্থীদের তৈরি দুটি উপগ্রহ আন্তর্জাতিক মহাকাশ মিশনের অংশ হিসেবে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে সৌদি স্পেস এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, উপগ্রহ দুটি উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয় এবং প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নকশা ও নির্মিত। এগুলো ‘সারি’ (SARI) নামে একটি জাতীয় প্রতিযোগিতার অংশ হিসেবে তৈরি হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা ছোট স্যাটেলাইট ডিজাইন ও তৈরির দক্ষতা প্রদর্শন করেন।

২০২৪ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৪২টি বিশ্ববিদ্যালয় থেকে ৪৮০টি প্রকল্প জমা পড়ে। এর মধ্যে মূল্যায়নের ভিত্তিতে মাত্র দুটি প্রকল্প উৎক্ষেপণের জন্য নির্বাচিত হয়।

স্পেস এজেন্সির কর্মকর্তারা জানান, প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের হাতে-কলমে স্যাটেলাইট তৈরির অভিজ্ঞতা দেওয়া এবং এসটিইএম (STEM)—বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—ক্ষেত্রে দক্ষতা উন্নত করা।

সৌদি আরবে মহাকাশবিজ্ঞান নিয়ে আগ্রহ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ২০২৩ সালের মে মাসে সৌদি নভোচারী রায়ানাহ বারনাবি এবং আলী আল-কারনি এক্সিওম মিশন–২-এর অংশ হিসেবে আইএসএসে ভ্রমণ করার পর এই উৎসাহ আরও বৃদ্ধি পায়। তারা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে আইএসএসে পৌঁছেছিলেন।

এরও আগে, ১৯৮৫ সালে প্রিন্স সুলতান বিন সালমান আল সউদ স্পেস শাটল ডিসকভারি–র মাধ্যমে মহাকাশে গমনকারী প্রথম আরব হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন।

নতুন এই সফল উৎক্ষেপণ সৌদি আরবের মহাকাশ কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতে সৌদি তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও অনুপ্রাণিত করবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.