সুপ্রিম কোর্টের নির্দেশ: নির্দিষ্ট সময়ের মধ্যেই উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য জমা দিতে হবে
ওয়াকফ সম্পত্তির সব তথ্য ‘উম্মিদ’ পোর্টালে আপলোডের নির্ধারিত সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানায়—কেন্দ্র নির্ধারিত সময়সীমা অপরিবর্তিত থাকবে এবং বাড়ানো হবে না।
তবে আদালত জানায়, বিশেষ কোনও পরিস্থিতিতে প্রযুক্তিগত জটিলতা বা বাস্তব কারণে অতিরিক্ত সময় প্রয়োজন হলে সংশ্লিষ্ট ওয়াকফ ট্রাইবুনালে আলাদাভাবে আবেদন করা যাবে। ট্রাইবুনাল নিজের বিবেচনায় সিদ্ধান্ত নেবে।
কেন্দ্র গত ৬ জুন নির্দেশ দেয় যে দেশের সব ওয়াকফ সম্পত্তির তথ্য ছয় মাসের মধ্যে ‘উম্মিদ’ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই সময়সীমা শেষ হচ্ছে ৫ ডিসেম্বর। আবেদনকারী পক্ষের আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, ছ’মাস সময় যথেষ্ট নয় এবং অনেকেই এখনো পুরো প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা পাননি।
অন্যদিকে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, আইন স্পষ্টভাবে বলছে যে কোনও অসুবিধা হলে ট্রাইবুনালের মাধ্যমে সমাধান চাইতে হবে।
বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, “ওয়াকফ আইন পুনর্লিখন আদালতের কাজ নয়। আইন অনুযায়ী ব্যবস্থা চলতে দিন।” ফলে নির্ধারিত ৫ ডিসেম্বরের মধ্যেই সব ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করা বাধ্যতামূলক বলে স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সংসদে বিরোধীদের আপত্তি থাকলেও—রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর ইতিমধ্যেই সব জেলাশাসককে কেন্দ্রীয় নির্দেশ মেনে চলার কথা জানিয়েছে।