শুভ বিজয়া"
ড. এ. কালাম
আশ্বিনের শুভ দশমীর প্রভাতে,
দেবী দুর্গা ত্রিশূল হাতে অসুরশক্তির অন্ধকার বিনাশ করেন,
ঘোষণা করেন—আলোই সত্য, সত্যই বিজয়।
তবুও অসুর বারবার ফিরে আসে।
সে বদলে ফেলে মুখোশ—
আসে বিজ্ঞাপনের হাসিতে,
আসে বক্তৃতার ভাষণে,
আসে শিক্ষার নামে বিভ্রান্তির ছায়ায়।
সে থাকে স্যুট-বুটে, নীতির চেয়ারে।
আমরা তাকে দেখি,
তবু চিনে উঠি না।
আমরা পুজো করি,
নামাজ পড়ি,
প্রার্থনায় চোখ বুজে থাকি—
তবুও অসুর বেঁচে থাকে—
স্কুলে, অফিসে, আদালতে,
একটি মেয়ের ধর্ষণে,
একটি শিশুর নিঃশব্দ কান্নায়,
মনের অন্ধকার ঘরে।
ত্রিশূল মানে অন্যায়ের প্রতিবাদ,
ত্রিশূল মানে সাহসের চিহ্ন,
ধর্ম নয়, মানুষই মুখ্য;
উৎসব নয়, সহানুভূতিই বিজয়।
বিজয় দশমী হোক মানবিক ও নৈতিক অভিযান—
যেখানে দেবী নেই, তবু করুণা আছে,
মূর্তি নেই, তবু বিবেক জাগে,
ধর্ম নেই, তবু মানুষ মানুষকে ভালোবাসে।
-------