পুতিনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে সিরীয় প্রতিনিধিদের বৈঠক
মস্কো সফরে গিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই আলোচনায় দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণা ও উন্নয়নে যৌথ উদ্যোগের বিষয় অন্তর্ভুক্ত ছিল।
সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উদ্যোগ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
এছাড়া বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ নিয়েও কথা হয়েছে। বিশেষ করে পুনর্গঠন প্রকল্পে রুশ সহায়তা ও বিনিয়োগ আকর্ষণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।
দীর্ঘদিনের গৃহযুদ্ধে রাশিয়া ছিল সাবেক সিরীয় সরকারের প্রধান মিত্র। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও মস্কো নতুন সিরীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, বিশেষ করে দেশটির উপকূলে অবস্থিত রুশ সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে।
ছবি: সংগৃহীত