সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসংঘে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছালেন
নিউ ইয়র্ক, ২২ সেপ্টেম্বর ২০২৫ — ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো কোনো সিরিয়ান শীর্ষ নেতা হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সিরিয়া টিভি জানিয়েছে, তার সঙ্গে চারজন মন্ত্রী রয়েছেন।
সিরিয়ার এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। আলোচনার এজেন্ডার মধ্যে রয়েছে ওয়াশিংটনে সিরিয়ার দূতাবাস পুনরায় চালু করার বিষয়ও। আল-শারা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার জেনিফার জ্যাকবস উল্লেখ করেছেন, অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আল কায়েদার সাবেক নেতা শারার মাথার জন্য যুক্তরাষ্ট্র এক সময় ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। তবে চলতি বছরের মে মাসে রিয়াদে ট্রাম্পের সঙ্গে আল-শারার বৈঠককে বড় কূটনৈতিক অর্জন হিসেবে মূল্যায়ন করা হয়। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং দামেস্ককে একতাবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া গঠনে সমর্থন জানিয়েছে ট্রাম্প প্রশাসন।