সুইদায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহত, ‘বিদ্রোহী গোষ্ঠীর’ গোলাবর্ষণের অভিযোগ
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সুইদা প্রদেশের গ্রামীণ এলাকায় বিদ্রোহী গোষ্ঠীর গোলাবর্ষণে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।
টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয়ভাবে ‘বিদ্রোহী দল’ হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠীটি টানা তৃতীয় দিনের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে হামলা চালায়। এসব হামলায় নিরাপত্তা সদস্যদের মধ্যে একাধিক আহতের ঘটনা ঘটে।
এক বিবৃতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী জানায়, সুইদায় শান্তি প্রতিষ্ঠায় চলমান প্রচেষ্টা এসব সশস্ত্র গোষ্ঠী ক্ষুণ্ণ করছে। তাঁরা দাবি করেন, একাধিক দিক থেকে বিদ্রোহী গোষ্ঠী অগ্রসর হওয়ার চেষ্টা চালালেও তা প্রতিহত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিব্বানি বলেন, সুইদার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি জানান, ড্রুজ সম্প্রদায়ের সঙ্গে সরকারের কোনও সমস্যা নেই এবং সংকট নিরসনে সংযমের সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
লন্ডনের চাথাম হাউসে এক আলোচনায় শিব্বানি পুনরায় বলেন, সিরিয়া বিভক্ত করার যে কোনও প্রচেষ্টাই সরকার প্রত্যাখ্যান করে এবং দেশের সব সম্প্রদায়কে জাতীয় কাঠামোর অংশ হিসেবে রাখতে চায়।