Tranding
আর্ন্তজাতিক / September 19, 2025

আফগানিস্তানে ‘নৈতিক দুর্নীতি রোধে’ তালেবানের অভিযান, বন্ধ হচ্ছে ফাইবার অপটিক ইন্টারনেট

জালালাবাদ :তালেবান সরকারের উদ্যোগে আফগানিস্তান জুড়ে “নৈতিক দুর্নীতি রোধে” চালানো অভিযানের ফলে একের পর এক প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সরকারি অফিস, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওয়াই-ফাই ব্যবহার কার্যত অচল হয়ে পড়েছে।

এটি ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর প্রথমবারের মতো দেশজুড়ে এমন নিষেধাজ্ঞা জারি করা হলো। তবে মোবাইল ইন্টারনেট পরিষেবা আংশিক চালু রয়েছে, যা “অপরিহার্য প্রয়োজনের” জন্য রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

বালখ, বাগলান, বাদাখশান, কুন্দুজ, নাঙ্গারহার ও তাখারসহ একাধিক প্রদেশে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। অনেক স্থানে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ায় ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

মিডিয়া অধিকার সংস্থাগুলি এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, কোটি কোটি আফগান নাগরিককে তথ্য, শিক্ষা ও পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে, যা মত প্রকাশের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি।

২০২৪ সালে কাবুল সরকার ঘোষণা করেছিল, প্রায় ৯,৩৫০ কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক নেটওয়ার্ক আফগানিস্তানের দারিদ্র্য দূরীকরণ ও বিশ্বব্যাপী সংযোগ বৃদ্ধির জন্য অগ্রাধিকার প্রকল্প। কিন্তু নতুন নিষেধাজ্ঞার ফলে সেই প্রকল্প এখন কার্যত স্থগিত হয়ে গেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.