এই মাসে প্রথমবার ভারতের সফরে আসছেন তালিবান পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানের তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি এই মাসে ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে আসছেন বলে জানিয়েছেন। এটি হবে ভারতের মাটিতে তালিবান সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম সরকারি সফর।
শনিবার এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুতাকি বলেন, “আমি আশা করি, রাশিয়ার মতো অন্যান্য দেশও আফগান সরকারের স্বীকৃতি দেবে।”
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুতাকি ৭ অক্টোবর মস্কো সম্মেলনে যোগ দেওয়ার পর ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, জাতিসংঘের অস্থায়ী অনুমতির কারণে তিনি এই সময়কালে ভ্রমণ করতে পারবেন।
উল্লেখ্য, মুতাকি এবং তালিবানের বহু শীর্ষ নেতা জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, যার মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের নির্দেশ।
এই ঘোষণাটি আসে এমন সময়ে, যখন তালিবান আফগানিস্তানে হঠাৎ করে দুই দিনের জন্য ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ করে দেয়, যার ফলে দেশজুড়ে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে।
২০২১ সালে পশ্চিমা সমর্থিত সরকার উৎখাত করে ক্ষমতায় ফেরার পর থেকে তালিবান আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনিয়োগের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা কয়েকজন মার্কিন ও ব্রিটিশ বন্দিকে মুক্তিও দিয়েছে।
তবে নারীদের শিক্ষা ও জনজীবনে অংশগ্রহণের ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলো এখনও তালিবান সরকারকে স্বীকৃতি দিতে দ্বিধান্বিত।