Tranding
আর্ন্তজাতিক / November 27, 2025

মস্কোতে ‘ট্রাম্প পরিকল্পনা’ নিয়ে আলোচনা: কূটনৈতিক প্রক্রিয়াকে ‘গুরুত্বপূর্ণ’ বলছে রাশিয়া

রাশিয়া–যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেন যুদ্ধের শান্তি-প্রস্তাব নিয়ে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আগামী সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকভ মস্কো সফরে যাওয়ার আগে ক্রেমলিন জানিয়েছে, মার্কিন পরিকল্পনা নিয়ে চলমান আলোচনার পথটি “অত্যন্ত গুরুতর ও গুরুত্বপূর্ণ”। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আলোচনার প্রক্রিয়া চলছে। এটি একটি সিরিয়াস (গুরুতর) পথ... বর্তমান সময়ে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।” এর মাত্র এক দিন আগে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের প্রথম সরাসরি বৈঠক হয়, যেখানে ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত “সংক্ষিপ্ত সংস্করণের” আলোচনাপত্র নিয়ে আলোচনা হয়। তবে ক্রেমলিন বরাবরই প্রত্যাশার মাত্রা কমিয়ে জানায়, বিভিন্ন পক্ষের সামনে থাকা একাধিক পরিকল্পনার মধ্যে এখনো বিস্তর মতপার্থক্য রয়ে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক সহকারী ইউরি ওশাকভ অভিযোগ করেন, “শান্তি-প্রচেষ্টাকে ব্যাহত করতে যুক্তরাষ্ট্রের ভেতরের কিছু মহল ও বিদেশি শক্তি পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে। মিডিয়ায় যে ‘হিস্টিরিয়া’ তৈরি হয়েছে, তার সঙ্গে প্রকৃত আলোচনার কোনো সংযোগ নেই।” তিনি আরও বলেন, রাশিয়া নিজস্ব অবস্থান গণমাধ্যমে প্রকাশ করতে আগ্রহী নয়; বরং ওয়াশিংটনের সঙ্গে সরকারি পর্যায়ের সরাসরি যোগাযোগই তাদের অগ্রাধিকার। ওশাকভ দাবি করেন, “রুশ–মার্কিন প্রতিনিধিদের সম্ভাব্য বৈঠক নিয়ে গণমাধ্যম ভুল তথ্য ছড়াচ্ছে, যাতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।” আগস্টে স্টিভ উইটকভের পূর্ববর্তী মস্কো সফরের সময় প্রেসিডেন্ট পুতিন তাকে ক্রেমলিনে স্বাগত জানান। আসন্ন সফরকে ঘিরে দুই পক্ষই কূটনৈতিক ভাষায় সতর্ক অবস্থান বজায় রাখছে। এই আলোচনাগুলো সফল হলে ইউক্রেন যুদ্ধে শান্তিপ্রক্রিয়ার দিকে একটি বাস্তবসম্মত অগ্রগতি সম্ভব হতে পারে বলে অনেকে মনে করছেন, যদিও ক্রেমলিন এখনো কোনো দৃঢ় আশাবাদ দেখাতে নারাজ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.