Tranding
আর্ন্তজাতিক / February 16, 2026

জামায়াত প্রধান শফিকুরের বাড়িতে তারেক, শপথের আগে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শপথ গ্রহণের প্রাক্কালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যায় ঢাকায় শফিকুরের বাসভবনে যান তারেক। প্রায় ৫০ মিনিট সেখানে অবস্থান করেন তিনি।

বিএনপি সূত্রের দাবি, এটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। তবে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ শফিকুরের বাড়িতে পৌঁছন তারেক এবং রাত ৭টা ৫৮ মিনিটে সেখান থেকে বেরিয়ে যান। পরে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাহিদ ইসলামের বাসভবনেও যান।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন এবং তাদের সঙ্গে জোটবদ্ধ এনসিপি জিতেছে ৬টি আসনে। আগামী মঙ্গলবার নবনির্বাচিত সরকার শপথ নিতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এর আগে শনিবার এক সাংবাদিক বৈঠকে জাতীয় ঐক্যের আহ্বান জানান তারেক রহমান। নির্বাচনী সাফল্য দেশের জনগণকে উৎসর্গ করে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নই হবে নতুন সরকারের অগ্রাধিকার। তিনি দাবি করেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

তারেকের মতে, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী— উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সকল রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, জাতীয় ঐক্যই দেশের শক্তি, বিভাজন দুর্বলতার কারণ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.