আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে খুন, ছয় দল গঠন করে তদন্ত
আলিগড়, ২৬ ডিসেম্বর: উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) চত্বরে বুধবার রাতে এক শিক্ষককে গুলি করে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত শিক্ষক রাও দানিশ আলী (৪৫), যিনি বিশ্ববিদ্যালয়ের অধীন এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ৯টার দিকে দানিশ আলী দুই পরিচিতজনের সঙ্গে ক্যাম্পাসের লাইব্রেরি এলাকার ক্যান্টিনের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি স্কুটারে করে আসা দুই ব্যক্তি তাঁদের সামনে এসে দাঁড়ায়। মুখ ঢাকা ছিল তাদের। অভিযোগ, সংক্ষিপ্ত কথাবার্তার পর হামলাকারীদের একজন খুব কাছ থেকে দানিশ আলীর মাথায় গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। আতঙ্ক সৃষ্টি করতে পালানোর সময় আরও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
তাকে গুরুতর অবস্থায় জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। সিনিয়র পুলিশ সুপার নীরজ জাদন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে একাধিক তদন্তকারী দল কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
এই খুনের পেছনের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। তবে পুলিশ জানিয়েছে, দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে গোটা এএমইউ ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।