Tranding
জাতীয় খবর / November 22, 2025

দুবাই এয়ার শো-তে তেজস বিধ্বস্ত, প্রাণ হারালেন ভারতীয় বায়ুসেনার পাইলট নমন স্যাল

দুবাই এয়ার শো-তে প্রদর্শনী উড়ানের সময় মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমন স্যাল। হিমাচল প্রদেশের কাংরা জেলার বাসিন্দা এই অভিজ্ঞ পাইলট শুক্রবার বিশেষ কৌশল প্রদর্শনের সময় তেজস লাইট কমব্যাট এয়ারক্র্যাফটটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আকাশে ভারসাম্য হারিয়েই নিচে ভেঙে পড়ে বিমানটি। মাটিতে পড়ার পরই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা।

বায়ুসেনার একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

প্রায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমানের দুর্ঘটনার হার অত্যন্ত কম। ২৪ বছরের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় বড় বিপর্যয় বলে জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রদর্শনী চলাকালীন বিমানটির গতি বা উচ্চতা পর্যাপ্ত ছিল না, অথবা যান্ত্রিক কোনো ত্রুটি হঠাৎ দেখা দেয়।

৩৭ বছর বয়সি নমন স্যাল ছিলেন শান-এ-হিমাচল। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, “দেশ এক বীর, দায়িত্বনিষ্ঠ ও সাহসী পাইলটকে হারাল।” প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।

নমন স্যাল সুজনপুরের সৈনিক স্কুলে পড়াশোনা শেষ করে ২০০৯ সালের ডিসেম্বর মাসে বায়ুসেনায় যোগ দেন। তাঁর স্ত্রীও ভারতীয় বায়ুসেনার অফিসার এবং বর্তমানে কোর্সের কাজে কলকাতায় অবস্থান করছেন। বাড়িতে রয়েছে তাঁদের ছ’বছরের কন্যা। নমনের বাবা জগন্নাথ স্যাল সেনা মেডিক্যাল কর্পসে দায়িত্ব পালনের পর শিক্ষা দফতরে চাকরি করেন এবং অবসরের আগে প্রিন্সিপালের পদে ছিলেন। বর্তমানে নমনের বাবা-মা তামিলনাড়ুর সুলুর এয়ার ফোর্স স্টেশনে বাস করেন।

তেজসের এই মর্মান্তিক দুর্ঘটনা ভারতীয় বায়ুসেনার পাশাপাশি পাইলটের পরিবার ও রাজ্যে শোকের ছায়া নামিয়ে এনেছে।

 

ছবি: সংগৃহীত

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.