Tranding

থাই–কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, গোলাবর্ষণে নিহত ৬

থাই–কম্বোডিয়া সীমান্তে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতজুড়ে থাই বাহিনীর গোলাবর্ষণে আরও দুই কম্বোডীয় বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক এই সংঘাতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে।

নমপেনের সূত্রে জানা যায়, মধ্যরাতের পর থাই সেনারা বানতেয় মিনচেই প্রদেশের দিকে তীব্র গোলাবর্ষণ চালায়। সেই সময় ন্যাশনাল রোড–৫৬ দিয়ে যাতায়াতকারী দু’জন বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এর আগে সোমবার কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা জানান, প্রেয়াহ বিহার ও ওদ্দার মিআনচে প্রদেশে কামানের গোলায় চারজন বেসামরিক নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।

থাই সামরিক বাহিনীও জানায়, রোববার সংঘাত নতুন করে শুরু হওয়ার পর তাদের এক সেনা সদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছে। দুই দেশই এই সহিংসতার জন্য পরস্পরকে দায়ী করছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সোমবার থাইল্যান্ড কম্বোডিয়ার ভেতরে বিমান হামলা চালায় এবং ট্যাংক মোতায়েন করে।

দীর্ঘদিনের সীমান্তবিরোধই এই সংঘাতের মূল কারণ বলে জানা গেছে। ফরাসি ঔপনিবেশিক আমলে চিহ্নিত সীমান্তের বেশ কয়েকটি মন্দির এলাকার মালিকানা নিয়ে দুই দেশের দাবি-দাওয়া এখনো নিষ্পত্তি হয়নি, যা বারবার উত্তেজনার জন্ম দিচ্ছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.