বঙ্গ ভবনে দিল্লি পুলিশের তল্লাশি ঘিরে উত্তেজনা, কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
সোমবার সকালে রাজধানী দিল্লির চাণক্যপুরী এলাকায় অবস্থিত বঙ্গ ভবনকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, এসআইআর সংক্রান্ত পরিস্থিতির মধ্যে বঙ্গ ভবনে অবস্থানরত সাধারণ মানুষের উপস্থিতির মধ্যেই দিল্লি পুলিশ ভবনের একাধিক ঘরে তল্লাশি চালায়। জানা গিয়েছে, বাংলার বিভিন্ন জেলা থেকে আসা প্রায় দেড়শো মানুষ বর্তমানে সেখানে রয়েছেন, যাঁরা স্বজন হারানোর ঘটনায় বিচার চেয়ে দিল্লিতে এসেছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল থেকেই দিল্লি পুলিশ হ্যালি রোড এলাকায় ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করে এবং পরবর্তীতে বঙ্গ ভবনের বিভিন্ন অংশে ঢুকে তল্লাশি শুরু করে। এই ঘটনার খবর পেতেই তীব্র প্রতিক্রিয়া জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী নিজে বঙ্গ ভবনে পৌঁছন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র যেন শক্তি প্রদর্শনের রাজনীতি না করে। বাংলায় গেলে কেন্দ্রীয় নেতাদের সম্মান জানানো হয় বলেও মন্তব্য করেন তিনি, তবে পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানান—অবহেলা বা দমন নীতি হলে তার জবাব দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গ ভবন পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি। সেখানে অনুমতি ছাড়া তল্লাশি চালানো বা সাধারণ মানুষকে হয়রানি করার কোনো অধিকার পুলিশের নেই। তাঁর অভিযোগ, যাঁরা সেখানে রয়েছেন তাঁরা গ্রাম থেকে আসা সাধারণ মানুষ, যাঁরা ন্যায়ের আশায় রাজধানীতে এসেছেন। তাঁদের ভয় দেখানো বা অকারণে বিরক্ত করা অমানবিক।
পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবাদ করতে তাঁরা জানেন এবং প্রয়োজন হলে কঠোর অবস্থান নিতেও পিছপা হবেন না।
এই ঘটনার জেরে বঙ্গ ভবন ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিষয়টি ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।