পেশোয়ারে সন্ত্রাসী হামলা: নিহত ৬, আহত ৯
পাকিস্তানের খাইবারপাখতুখোয়ার পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। সোমবার সকাল প্রায় ৮টার দিকে তিনজন হামলাকারী সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। জিও নিউজ জানিয়েছে, হামলায় একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়, আর পুলিশের গুলিতে নিহত হয় আরও দুইজন সন্ত্রাসী।
হামলা প্রতিরোধ করতে গিয়ে আধাসামরিক বাহিনীর তিন সদস্য জীবন হারান। ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন, যাদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন, তবে সবার অবস্থাই স্থিতিশীল।
হামলার পর কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে ফেলে এবং আশপাশের গণপরিবহন চলাচল সাময়িক স্থগিত করা হয়। পুলিশ পেশোয়ারে উচ্চ সতর্কতা জারি করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে পেশোয়ারে এটি অন্যতম বড় সন্ত্রাসী হামলা। এর আগে ২০২৩ সালে শহরের পুলিশ লাইনের একটি মসজিদে আত্মঘাতী হামলায় ৮৪ জন নিহত হয়েছিলেন।
খাইবারপাখতুখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী টহল ও নজরদারি আরও জোরদার করেছে।
ছবি: সংগৃহীত