রাজ্যে ২০ হাজার কিমি নতুন রাস্তা নির্মাণে বড় প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
নদিয়া জেলার কৃষ্ণনগরে প্রশাসনিক ও রাজনৈতিক—দুটি কর্মসূচিতে বৃহস্পতিবার যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে হেলিপ্যাডে পৌঁছানোর পর তিনি প্রথমে সরকারি অনুষ্ঠানে অংশ নেন এবং সেখান থেকেই রাজ্যজুড়ে রাস্তা নির্মাণে বৃহৎ প্রকল্পের সূচনা করেন।
সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ‘রাস্তাশ্রী’ ও ‘পথশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্বের কাজ শুরু করেন। এ পর্যায়ে রাজ্যের ২৩টি জেলায় মোট ২০ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাজ্য কোষাগার থেকে এই প্রকল্পে প্রায় ৮,৪৮৭ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। পাশাপাশি, এই প্রকল্পে ১০০ দিনের কাজ প্রকল্পের বহু শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পাবেন।
মঞ্চে রাখা ইট, বালি ও সিমেন্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে নির্মাণকাজের সূচনাও করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, পঞ্চায়েত দফতরের শীর্ষকর্তা, সাংসদ মহুয়া মৈত্র, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং বিভিন্ন জনপ্রতিনিধি।
রাজ্য সরকার জানায়, গ্রামীণ ও শহরাঞ্চল মিলিয়ে মোট ২০,৪৭৯টি রাস্তা নির্মিত হবে।
এর মধ্যে—
গ্রামীণ এলাকায় পঞ্চায়েত দফতরের অধীনে ৯,১১৪টি রাস্তা,
আর শহরাঞ্চলে কেএমডিএ পরিচালিত ১১,৩৬৫টি রাস্তা তৈরি হবে। শহরাঞ্চলের রাস্তার মোট দৈর্ঘ্য ধরা হয়েছে প্রায় ৫,০১৯ কিলোমিটার, যার জন্য অনুমানিক ব্যয় ১,৫০০ কোটি টাকা।
‘‘নতুন রাস্তা তৈরি হলে একদিকে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগও বাড়বে’’—এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আগামী জানুয়ারি থেকেই প্রকল্পের কাজ পুরো মাত্রায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।