ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১, নিখোঁজ ৯
ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। আরও ৯ জন নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, বন্যার পানিতে শত শত বাড়ি ডুবে গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, বন্যায় ৫২ হাজারের বেশি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এবং প্রায় পাঁচ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত তিন দিনে বেশ কয়েকটি এলাকায় পাঁচ ফুট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে উপকূলীয় শহর হোই আন ও নাহা ট্রাং। সাম্প্রতিক মাসগুলোতে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভিয়েতনামে। কালমেগি ও বুয়ালোই নামে দুটি শক্তিশালী টাইফুন দেশটিতে ব্যাপক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামের ক্ষতি প্রায় ২ বিলিয়ন ডলার।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বন্যার পানি বাড়িতে ঢুকে পড়ায় অনেক মানুষ ঘরের ছাদে আটকা পড়েছেন। লাম ডং প্রদেশে ভূমিধসে প্রধান সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এছাড়া, জনপ্রিয় পর্যটন নগরী দা লাটের গুরুত্বপূর্ণ প্রবেশপথ মিমোসা পাসের একটি অংশ খাদে ধসে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
ছবি: সংগৃহীত