হেনস্থার শিকার চিকিৎসক নুসরাতকে মাসিক ৩ লক্ষ টাকা বেতনের চাকরির প্রস্তাব ঝাড়খণ্ড সরকারের
বিহারের একটি সরকারি চাকরির নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে হেনস্থার অভিযোগে আলোচনায় উঠে আসা তরুণী চিকিৎসক নুসরাত পারভীনকে উচ্চ বেতনের চাকরির প্রস্তাব দিয়েছে ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি জানিয়েছেন, নুসরাতকে মাসিক ৩ লক্ষ টাকা বেতন, পছন্দসই পদে নিয়োগ, সরকারি বাসস্থান এবং পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
সম্প্রতি বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে হিজাব পরিহিত অবস্থায় উপস্থিত থাকার সময় নুসরাত পারভীনের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানের সময় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর হিজাব স্পর্শ করেন, যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়।
ঘটনার পর নুসরাত ওই চাকরিতে আর যোগ দেননি। জানা গেছে, শনিবার ছিল তাঁর কাজে যোগ দেওয়ার শেষ দিন, কিন্তু তিনি উপস্থিত হননি।
এ প্রসঙ্গে ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একজন নারী চিকিৎসকের সঙ্গে এ ধরনের আচরণ শুধু ব্যক্তিগত অপমান নয়, এটি মানবিক মর্যাদা ও সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী।” তাঁর মতে, নুসরাতের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘিরে নারী অধিকার, সংখ্যালঘুদের মর্যাদা এবং কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।