Tranding
রাজ্যের খবর / October 24, 2025

ফারাক্কায় শুরু হল জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সদস্য সম্মেলন

ফারাক্কা, মুর্শিদাবাদ, ২৪ অক্টোবর ২০২৫

মুর্শিদাবাদের ফারাক্কায় সাইয়েদ নুরুল হাসান কলেজে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তিন দিনের সদস্য সম্মেলন। উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হোসাইনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক সেলিম ইঞ্জিনিয়ার, সাধারণ সম্পাদক টি আরিফ আলী, কেন্দ্রীয় সম্পাদক আব্দুর রফিক, রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান, রাজ্য সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, প্রাক্তন রাজ্য সভাপতি ডা. রইস উদ্দিন ও মুহাম্মদ নুরুদ্দিন শাহ প্রমুখ।

অনুষ্ঠানের সূচনা হয় বিভাগীয় রাজ্য সেক্রেটারি এম তাহেরুল হকের তাজকির বিল কুরআন পাঠের মাধ্যমে। প্রারম্ভিক ভাষণে রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান বলেন, “রুকন বা সদস্যদের নৈতিক গুণাবলি উৎকর্ষমানের হওয়া প্রয়োজন। নিজেদের উদ্দেশ্য, দায়িত্ব ও জীবনের লক্ষ্য সর্বদা স্মরণে রেখে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “মুসলমানদের দায়িত্ব কেবল নিজেদের উন্নয়ন নয়, বরং সমাজে ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা করে অমুসলিম সমাজের সঙ্গেও সেতুবন্ধন তৈরি করা।”

সম্মেলনের প্রথম দিনে সংগঠনের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের কাজের প্রদর্শনীও উদ্বোধন করেন সাইয়েদ সাদাতুল্লাহ হোসাইনী। প্রদর্শনীতে জামাআতের পুরুষ ও মহিলা বিভাগ, ছাত্রী সংগঠন জিআইও, ছাত্র সংগঠন এসআইও, মানবাধিকার সংগঠন এপিসিআর, দাওয়াত বিভাগ আইআইসি এবং সাংস্কৃতিক সংগঠন অনন্য শিল্পী সংস্থা—প্রতিটি ইউনিটের কার্যক্রম তুলে ধরা হয়েছে।

দ্বিতীয় অধিবেশনে রাজ্য মজলিসে শূরার সদস্য আশরাফুল ইসলাম হাদীসের তাজকীর উপস্থাপন করেন। পরে রাজ্য সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, যার ওপর অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর ও মূল্যায়ন পর্ব। মূল্যায়ন করেন সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি টি আরিফ আলী।

প্রথম দিনের কনভেনর হিসেবে দায়িত্বে ছিলেন মুর্শিদাবাদ জেলার নাজিম শামসুল আলম ও কলকাতা মেট্রো সিটির সেক্রেটারি মুহাম্মদ আজম।

উল্লেখযোগ্যভাবে, আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে চারটায় সম্মেলনের অংশ হিসেবে একটি প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.