ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ৩, ইউরোপীয় ইউনিয়নের নিন্দা
দক্ষিণ লেবাননে শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনকে ইসরায়েলি সেনাবাহিনী ‘হিজবুল্লাহ’র অস্ত্র পাচারে জড়িত বলে অভিযোগ করেছে। হামলার ঘটনাগুলো এমন এক সময় ঘটছে, যখন এক বছর আগে করা যুদ্ধবিরতি চুক্তি নতুন করে ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে।
লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শেবা এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালায়। এতে দুই ভাই নিহত হন এবং তাদের গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আরেকটি হামলায় বোরাশিত শহরে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন।
বেন্ট জবেইল শহরের একটি হাসপাতালের কাছে চালানো আরেক হামলায় সাতজন বেসামরিক নাগরিক আহত হন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, নিহতদের মধ্যে দুজন “হিজবুল্লাহ সদস্য”, যারা অস্ত্র পরিবহনে যুক্ত ছিলেন এবং তাদের কর্মকাণ্ড “ইসরায়েল-লেবানন সমঝোতা চুক্তির স্পষ্ট লঙ্ঘন”।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সব পক্ষকে ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় কূটনৈতিক মুখপাত্র আনোয়ার আল-আনুনি বলেছেন, “ইসরায়েলকে জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব মেনে চলতে হবে এবং লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।”
অন্যদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধের একমাত্র উপায় হলো আলোচনায় বসা। তবে হিজবুল্লাহ জানিয়েছে, তারা কোনো রাজনৈতিক আলোচনায় অংশ নেবে না।