হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল, বেলডাঙা মন্তব্যে বাড়ল বিতর্ক
তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা চলাকালীনই এই সিদ্ধান্তের ঘোষণা করেন তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম।
ফিরহাদ জানান, বেলডাঙায় ‘বাবরি মসজিদ নির্মাণ’ সম্পর্কিত হুমায়ুনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। তিনি বলেন, “বেলডাঙা আগে থেকেই সংবেদনশীল। এমন মন্তব্য দাঙ্গা উসকে দিতে পারে, যা শেষ পর্যন্ত বিজেপিরই সুবিধা করে দেবে। দল তিনবার সতর্ক করেছিল, কিন্তু তিনি তা মানেননি। তাই উর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।”
হুমায়ুন কবীর অবশ্য জানিয়েছেন, তাঁকে সাসপেন্ড করার খবর তিনি সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছেন। তিনি বলেন, “জেলা সভাপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব। এর আগেও আমাকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। কালই পদত্যাগ করব।”
সম্প্রতি হুমায়ুনের একাধিক মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। রাজ্যপালকে উদ্দেশ করে তার বক্তব্য এবং বাবরি মসজিদ নির্মাণ সংক্রান্ত মন্তব্যে দলীয় অস্বস্তি ক্রমশ বাড়ছিল।
বাবরি শিলান্যাস প্রসঙ্গে তিনি বলেছিলেন, “সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। সংবিধানে কোথাও লেখা নেই যে নাগরিক মসজিদ তৈরি করতে পারবেন না। অনুষ্ঠানে যাতে কোনও ধর্মের মানুষ অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করতে দুই হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত থাকবে।” তাঁর এই মন্তব্যেই বিরোধীরা তীব্র সমালোচনা শুরু করে।
ঘটনার জেরে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের এই সিদ্ধান্তে হুমায়ুনের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে।